বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশের ঈদগাহ মাঠে ঐতিহ্যবাহী দই মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বরস্বতী পূজা উপলক্ষে আনন্দঘন পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়রা জানান, এ মেলায় জামাইসহ স্বজনদের এই দই মেলার দাওয়াত দেয়া হয় কয়েকদিন আগে থেকে। প্রতি বছরের ন্যায় এবারো মেলার আগের দিন বিকেল থেকে হরেক রকমের বাহারি দই আসতে থাকে। দোকানিরা অন্যরকমভাবে দইয়ের পসরা সাজিয়ে বসেন।
বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই মেলা চলে। সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, তাড়াশ, রায়গঞ্জ ও নাটোরের গুরুদাসপুর, বগুড়ার শেরপুর, পাবনার চাটমোহর ও ফরিদুপর এলাকার তৈরি বাহারী দই এ মেলায় স্থান পায়।
সেইসাথে মেলায় চিড়া, মুড়ি, খই, মুড়কি, কদমা, বাতাসা, মিষ্টিসহ বিভিন্ন মিষ্টান্নও বেচাকেনা হয়।
উপজেলা পুজা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, তাড়াশের জমিদারী আমলে তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম এই দই মেলা চালু করেন। সে সময় নাকি সবচেয়ে সুস্বাদু দই তৈরিকারী ঘোষকে জমিদারের পক্ষ থেকে উপঢৌকন প্রদান করা হতো। তবে এ দইয়ের মেলা এখনও মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে উৎসব আমেজে বসার বাৎসরিক রেওয়াজ এখনও আছে। কিন্তু এ মেলা ৩ দিনের স্থলে ১ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
একাধিক দই তৈরিকারী বলেন, বাজারে দুধের দাম, শ্রমিক মজুরি, জ্বালানিসহ দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দাম বেড়েছে। তবে এ মেলায় কোন দই অবিক্রিত থাকেনি বলে তারা উল্লেখ করেন।