বাংলা হেডলাইনস: শনিবার সকাল ৮ টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন। বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই প্রথমবারের মত সকল ভোট কেন্দ্রে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হবে। মেয়র নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা শুক্রবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি শেষ।
তিনি বলেন রিটার্নিং অফিসারদের সাথে কথা বলেছি তাদের পক্ষ থেকে কোন রকমের অসুবিধা নেই। তাদের নির্বাচনের মালামাল সব কেন্দ্রে কেন্দ্রে এই সময়ের মধ্যে বোধ হয় পৌঁছিয়ে গেছে। তাদের পক্ষ থেকে কোথাও কোন রকমের আশংকা নেই নির্বাচনের বিষয়ে। কোন রকমের যদি হামলা হয় তা হলে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা প্রটেকশন দেবে।
১০ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয় এবং নির্বাচনী বিধি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় সকল প্রকার প্রচারণা শেষ হয়েছে। ভোট উপলক্ষে রাজধানীতে ইতোমধ্যে মটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। শুক্রবার রাত ১২টায় বন্ধ হবে সব ধরনের যান চলাচল।
সংশ্লিষ্ট সূত্র জানায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে এবং বিজিবি, র্যাব ও নৌ-পুলিশ নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে।
নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও অপরাধের বিচার কাজের জন্য দুই সিটিতে ১২৯ জন নির্বাহী হাকিম ও ৬৪ জন বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। এ নির্বাচনে মোট ১ হাজার ১৩ দেশি পর্যবেক্ষক কাজ করবেন।আর বিদেশি পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন মোট ৭৪জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এরমধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮ টি ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।
দুই সিটিতে মেয়র নির্বাচনে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি সুত্রে জানা গেছে দুই সিটি নির্বাচনে দুটি মেয়র পদে ১৩ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ৭শ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।