বাংলা হেডলাইনস: ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা পোস্টারে রাজধানী শহর যেন পোস্টারের নগরীতে পরিণত হয়েছিল।
গত জানুয়ারি ১০ তারিখ থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। গতকাল শনিবার (ফেব্রুয়ারি ১) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন হয়।

আজ রোববার থেকেই ঢাকার বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় কর্পোরেশনের উদ্যোগে নির্বাচনী পোস্টার পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কর্পোরেশন ছাড়াও কেউ কেউ নিজ উদ্যোগে নিজের প্রয়োজনে পোস্টার জড়ো করে বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছে।

সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা শাহ কামাল রোববার বাংলা হেডলাইনসকে বলেন আজ ভোর থেকে নির্বাচনী পোস্টার পরিষ্কার কাজ শুরু করেছেন এবং এই কাজ অব্যাহত থাকবে ।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে দুই সিটি নির্বাচনে মেয়র পদে ১৩ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ৭শ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।