বাংলা হেডলাইনস : রাজধানী ঢাকাতে বিএনপির ডাকা আজকের (রোববার) হরতালে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। যানবাহন, অফিস, আদালত , ব্যবসা-বাণিজ্য সহ সবকিছুই মোটামুটি স্বাভাবিকভাবেই চলতে দেখা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা সকাল থেকে হরতালের সমর্থনে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন শ্লোগান দিয়ে হরতালের জানান দেয়। ঐ এলাকায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, আরমার্ড পার্সোনেল ক্যারিয়ার বাহন মোতায়েন ছিল। রিজভী দাবি করেন স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন হচ্ছে।
বিএনপি শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গণনা চলা অবস্থায় রাত সোয়া আটটার দিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোটে ‘কারচুপির’ প্রতিবাদে আজ রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে দাবি করেন জনগণ বিএনপির হরতাল ‘ঘৃণা ভরে প্রত্যাখ্যান’ করেছে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন জনগণ বিএনপির হরতাল প্রত্যাখ্যান করে দলটির অভিযোগগুলোও প্রত্যাখ্যান করেছে।