বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: প্রবাদে রয়েছে চেষ্টাই সাফল্য। আর সেই সাফল্য অর্জনের লক্ষ্য মুখ দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী ঈশ্বর কুমার। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত প্রফুলত চন্দ্র সূত্রধরের ছেলে এবং খন্দকার আব্দুল মজিদ হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, ঈশ্বরের জন্মের পর থেকে হাত দুটো অবশ। পা দুটিতে শক্তি কম। এ কারণে সে তেমন হাঁটাহাঁটিও করতে পারে না। শিশুকালেই তার বাবা-মাকে হারিয়েছে ইশ্বর। মুখ দিয়ে লিখে ঈশ্বর পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খাতায় লেখার সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা খাতার পৃষ্ঠা উল্টিয়ে দেন। হাতে শক্তি না থাকায় খাতা ঠিক করে লিখতে পারে না সে।
উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ঈশ্বর কুমারের বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়া হচ্ছে। তাকে আলাদা একটি টেবিল সামনে দিয়ে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়েছে। মুখ দিয়ে কলমের পেছনের অংশ কামড়ে ধরে দ্রুতই লিখতে পারে সে। এসএসসি
পরীক্ষার্থী প্রতিবন্ধী ঈশ্বর করুণ কন্ঠে সাংবাদিকদের জানায়, ওই স্কুলের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ঘোষ স্কুলে পড়াশুনা ফ্রি করে দিয়েছেন। এছাড়া ইংরেজি শিক্ষক ইউসুফ আলী মন্টু ৬ষ্ঠ শ্রেণি থেকেই তার লেখাপড়ায় নানাভাবে সহযোগিতা করছেন। ঈশ্বরের বাবার কোন জায়গা জমি না থাকাই অন্যের জমিতে ঘর উঠিয়ে বসবাস করতো। বাবা- মায়ের মৃত্যুর পর একই গ্রামে বসবাসকারী তার বোন রিভা রানী সূত্রধর তাকে দেখা শোনা করছেন। তারা ৩ বোন ২ ভাই। ভাইদের মধ্যে সেই ছোট। ঈশ্বর ভবিষ্যতে আইনজীবী হতে চায়। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পরিক্ষা কেন্দ্রের সভাপতি মোঃ আরিফুজ্জামান জানান, রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অনুমতিক্রমে এসএসসি পরীক্ষার্থী প্রতিবন্ধী ঈশ্বরের জন্য এখন থেকে একজন শ্রুতি লেখকের ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।