বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বাদ জোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নামাযে জানাযা শেষে নিজ গ্রাম পুষ্টকামুরীস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র সাহাদৎ হোসেন সুমন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার বেলা বারটায় মেয়র সুমনের লাশ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, জেলা ও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মির্জাপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর মেয়র সুমনের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমুলক বক্তব্য দেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, , উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন এবং মরহুমের পরিবারের সদস্য তাহরীম হোসেন সীমান্ত।
এসময় মেয়র সুমনকে এক নজর দেখার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষ ভিড় জমান।