বাংলা হেডলাইনস: তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন ‘সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা করতে গিয়ে দেখা যাচ্ছে, অনেক অসত্য ও ভুল সংবাদ পরিবেশিত হয়’।
শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস- ২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন ‘সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা করতে গিয়ে দেখা যাচ্ছে, অনেক অসত্য ও ভুল সংবাদ পরিবেশিত হয়, যেগুলো অনেক সময় মানুষের ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, রাষ্ট্রের জন্য হুমকি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ। এ বিষয়ে প্রেস কাউন্সিলের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি প্রয়োজন গণমাধ্যমের সকলের সহযোগিতা’, পিআইডি ‘র এক প্রেস রিলিজে জানানো হয়।
উন্নত জাতি গঠন ও সমাজে বিশৃঙ্খলা এড়ানোর জন্য গণমাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ।
ড. হাছান মাহ্মুদ বলেন, ‘ন্যায়ভিত্তিক ও বিতর্কভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকতে হবে, তেমনি সে স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতা কিংবা অধিকারে অযাচিত হস্তক্ষেপ না হয় সেদিকেও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য রাখতে হবে। কারণ সমাজে গণমাধ্যমের স্বাধীনতা যেমন আবশ্যকীয়, তেমনি অন্যের মৌলিক স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তার বিধানও সমাজে থাকা প্রয়োজন’।
বাংলাদেশে গত এগারো বছরে সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ ও সজীবতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত এগারো বছরে গণমাধ্যমের ক্যানভাসটাই অনেক প্রসারিত হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো গণমাধ্যম নয়, এটি শুধু মতপ্রকাশের অসম্পাদিত ক্ষেত্র, তা স্মরণ করিয়ে দেন মন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যখন ১৯৭৪ সালে সদ্য স্বাধীন দেশে প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন, তখনও অনেক দেশে এ বিষয়ে আইন প্রণীত হয়নি। জাতির পিতা সাড়ে তিন বছরের মধ্যে এমন অনেক আইন করেছিলেন, যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্যসচিব কামরুন নাহার। আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ডিবিসি২৪ টিভি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।