বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার দেউলী এলাকার সিংগাপুর ফেরৎ এক প্রবাসীর করোনা ভাইরাস আক্রান্তের সন্দেহে আতংক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। প্রবাসী উপজেলার মৃত সামছুর হকের ছেলে আব্বাস আলী।
এ ঘটনায় সিংগাপুর ফেরত প্রবাসীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় রেফার করেছে।
প্রবাসী আব্বাস আলী গত ১৩ ফেব্রুয়ারি রাতে সিংগাপুর থেকে বাংলাদেশ ইমিগ্রেশনে থার্মাল মেশিন দিয়ে যথযথ পরীক্ষা-নিরীক্ষা করে নিজ বাড়িতে আসে। পর দিন ঘুম থেকে দেরি করে উঠে বাড়ির পাশে বাজারে যায়। এসময় স্থানীয়রা তাকে সন্দেহ করে যে তার করোনা ভাইরাস আছে যে কারণে সিংগাপুর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
প্রবাসী আব্বাস বার বার স্থানীয়দের বুঝিয়েও ব্যার্থ হয়। এক পর্যায়ে বাসাইল উপজেলা হাসপাতাল থেকে রবিবার সকালে তার বাড়িতে এসে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এতে করে আব্বাস ক্ষোভ প্রকাশ করেন।
আব্বাস আরীর মা বলেন, আমার ছেলে সুস্থ মানুষ হয়রানি করছে আমাদেরকে। করোনা ভাইরাস আক্রান্ত প্রবাসীর সাথে এলাকাবাসী কেউ স্বাভাবিক মেলা মেশা করছেনা এতে খুবই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী ও তার স্বজনরা।
কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক বলেন আজ সকালে তাকে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হেকমত আলী ফোন করে ঘটনাটি বলেন । শোনা মাত্রই আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ঘটনাস্থলে যাই । এরপর বাসাইল উপজেলা হাসপাতালের এম্বুলেন্সযোগে প্রবাসীকে টাঙ্গাইল হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করি ।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম সজিব জানিয়েছেন, প্রবাসী আব্বাসকে দেখে তেমন কিছু বুঝা যাচ্ছেনা। কর্তৃপক্ষের নির্দেশে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটি আইসোলেশন ইউনিট খোলা হলেও এখানে চিকিৎসকদের সেবা প্রদানের সুযোগ সুবিধা নেই। যে কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।