বাংলা হেডলাইনস: ইতঃপূর্বে বন্ধ ঘোষিত ৩টি অবৈধ ইটভাটা নতুন করে কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার জরুরি ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বিশেষ এ অভিযানে গাছা এলাকার শাপলা ব্রিকস, পদ্মা ব্রিকস, ধীতপুর এলাকার বিবিসি স্টার ব্রিকসকে প্রথমে এস্কাভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইটভাটাগুলোর কাছে প্রাথমিক বিদ্যালয়-সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর ফায়ার সার্ভিস, র্যাব-১ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ সকল ইটভাটা ও ক্ষতিকর ধোঁয়া নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।