বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সোনাতলায় আবদুল ওয়াহাব বিটু (৩৫) নামে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে লক্ষাধিক টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে।
তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার শেখাহাতি মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সোনাতলা থানায় মামলা করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, আবদুল ওয়াহাব বিটু সোনাতলা উপজেলার গণসারপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। হাটকরমজা বাজারে তার বর্ষা-মুগ্ধ অ্যান্ড মিজান টেলিকম নামে বিকাশ এজেন্সি রয়েছে। সোমবার রাত ১০টার দিকে বিটু দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। শেখাহাতি মাদ্রাসার কাছে পৌঁছলে মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা তার পথরোধ করে।
এক পর্যায়ে গলায় চাকু ধরে টাকার ব্যাগ ও ফোন ছিনিয়ে নেবার চেষ্টা করে। বাধা দেয়ায় তারা বিটুর শরীরের বিভিন্ন স্থানে ৭-৮টি ছুরিকাঘাত করে। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিটু জানান, ছিনতাইকারীরা সংখ্যায় তিনজন ছিল। তারা ব্যাগে থাকা লক্ষাধিক টাকা ও বিকাশ-ফ্লেক্সিলোডের ছয়টি মোবাইল ফোন নিয়ে গেছে।
সোনাতলা থানার এসআই আবদুর রহিম জানান, ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে; ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।