বাংলা হেডলাইনস: খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশে কোনো বর্ষই পালন সফল হবে না মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম খালেদা জিয়া যখন কারাগারে তখন মুজিব জন্মশতবর্ষ কতটুকু সফল হবে বলে মনে করেন সাংবাদিকদের এই রকম প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ এটা তো শুধু সফলেরই প্রশ্ন না। এটা একটা মকারি, প্রহসন। কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং ১৯৭১ সালেও যিনি স্বাধীনতার জন্যেই কারাগারে ছিলেন পাকিস্তান বাহিনীর হাতে। তাকে গণতন্ত্রের জন্য দীর্ঘ ৯ বছর সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। পরবর্তিকালেও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি এখনো জেলে আছেন, কারাগারে আছেন।
‘ তাকে(খালেদা জিয়া) কারাগারে আটক রেখে কোনো বর্ষই এখানে সফল হবে না’।
সকাল ১১টায় ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমসহ নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা দক্ষিন মহানগর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি নবী উল্লাহ নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে। সাংসদ ফজলে নুর তাপস পদত্যাগ করলে এই আসনটি শূণ্য হয়। তাপস ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হন।