বাংলা হেডলাইনস নওগাঁ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের কোথাও কেউ যেন কোনো ধরনের বিঘ্ন ঘটাতে না পারে এ জন্য আমাদের সর্বস্তরের নিরাপত্তা কর্মীরা প্রস্তুত আছে।
আজ রোববার দুপুরে নওগাঁর ধামইরহাটে মাদক কারবারিদের আত্মসমর্পণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুদেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। তিনি ছাড়াও আমাদের অন্য বন্ধুদেশের সরকারপ্রধানেরাও উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে দেশের কোনো গোষ্ঠী যদি অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায়, তাদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।’
পরে নওগাঁর ৫৬ জন চিহ্নিত মাদক কারবারির আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদককে রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। সরকারের সচেতনতা কর্মসূচির ফলে মাদক ব্যবসায়ীরা, চোরাকারবারিরা আজকে অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা আজকে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে এলেন, তাঁদের স্বাগত জানাই। শুধু আত্মসমর্পণের জন্য আত্মসমর্পণ যেন না হয়; ভবিষ্যতে এই প্রতিজ্ঞা ধরে রাখবেন বলে আমি বিশ্বাস করি।’
নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহীর অতিরিক্ত ডিআইজি র্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান, নওগাঁ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, জেলা প্রশাসক হারুন অর রশীদ, বিজিবি-১৬ এর উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রকিবুল আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় প্রমুখ।