বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:সিরাজগঞ্জে পৌর এলাকার চর রায়পুর মহল্লায় একটি কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরির অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সেইসাথে বিপুল পরিমাণ উৎপাদিত পলিথিন জব্দ ও কারখানা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত মহল্লার আয়াত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে র্যাব -১২ সদস্যরা সহযোগিতা করেন। আবাসিক এলাকায় স্থাপিত এ কারখানাটিতে উৎপাদিত ক্ষতিকর পলিথিন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এছাড়াও পরিবেশ, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শকের সনদ ও ট্রেড লাইসেন্সও নেই। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক কারখানার মালিক বাবলুকে উল্লেখিত টাকা জরিমানা করেন।