বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে চুরি যাওয়া মোটরসাইকেল দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্ত:জেলা মটোর সাইকেলচোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করা হয়েছে। তারা হলো, দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসুপাড়া গ্রামের আব্দুর রহিম (২৪) ও বনগাঁও গ্রামের মোফাজ্জল হোসেন (২৩)।
সিরাজগঞ্জ সদর থানার এসআই ফারুক আহম্মেদ জানান, গত ৬ জানুয়ারী রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সোহেল রানার সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের ভাড়া বাসা থেকে তার সরকারি মোটরসাইকেল ও মোবাইল সেট চুরি হয়।
এ ব্যাপারে তিনি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। পুলিশ চুরি যাওয়া মোবাইল ট্র্যাকিং করে মঙ্গলবার গভীর রাতে দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।