বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার যাত্রাবাড়ী-মাওয়া-ভাংগা রুটে ৮ লেনের বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করলেন। প্রধানমন্ত্রী বলেন এই এক্সপ্রেসওয়ে মুজিববর্ষ উপলক্ষে জনগণকে উপহার। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্সপ্রেসওয়ে ফলে কোন রকম যানজট ছাড়া একটানে গন্তব্যস্থলে পোঁছে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন।
ভ্রমণের সময় কমানোর পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলাগুলোর লোকদের জন্য আরামদায়ক ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত ৫৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়।
প্রকল্প কর্মকর্তারা বলছেন, ‘আন্তর্জাতিক মানের এই এক্সপ্রেসওয়ে দুইটি সার্ভিস লেনের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীকে যুক্ত করবে। এটি উন্মুক্তের ফলে বাংলাদেশ যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করল।’
এখন মাত্র ২৭ মিনিটে ঢাকা থেকে মাওয়ায় যাওয়া যাবে।
প্রকল্পের বিবরণ অনুসারে, এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস এবং প্রায় ১০০টি সেতু এবং কালভার্ট রয়েছে, যা দেশের ব্যবসা- বাণিজ্য বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।