বাংলা হেডলাইনস: স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে আক্রান্ত দেশ থেকে ফেরা বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য সেবার বিষয়ে নিম্নলিখিত নির্দেশাবলী প্রতিপালনের অনুরোধ জানিয়েছে:
আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং যাদের মধ্যে কোভিড-১৯ রোগের কোনো লক্ষণ দেখা যায়নি, তারা মোট ১৪ দিন ধরে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকবেন, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়েছে।
আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং বাংলাদেশে অবস্থানের ১৪দিনের মধ্যে কোভিড-১৯ রোগের লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে আইইডিসিআর হটলাইনে ফোন করবেন।
হটলাইন নম্বরগুলো হচ্ছে: ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ ও ০১৯৩৭১১০০১১।
স্বাস্থ্য অধিদপ্তর এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদেশ থেকে প্রত্যাগত কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিবর্গ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে প্রতিপালন করছেন না। অনেকেই মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ও নির্দেশিত পন্থায় যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে। এর যে কোনো ব্যত্যয়ের ক্ষেত্রে আইনের সংশ্লিষ্ট শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে।