বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: চীনসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা সিরাজগঞ্জের ১২ জন প্রবাসীকে নিজ নিজ বাড়িতে (হোম) কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চীনসহ বিভিন্ন দেশে থেকে ফেরত আসা ব্যক্তিদের নাম ঠিকানা দেয়ার এখন বিধান নেই। তবে সিরাজগঞ্জের বেলকুচির ৫ জন, উল্লাপাড়ার ৫ জন ও রায়গঞ্জ উপজেলার ২ জন প্রবাসীকে বিশেষ নির্দেশনায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এসব প্রবাসীদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তিনি আরো জানান, সিভিল সার্জন কার্যালয়ের ১টি এবং প্রতিটি উপজেলায় ১টি করে মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সেই সাথে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৩ টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনার কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। এদিকে করোনার বিস্তার ঠেকাতে লিফলেট ও পোস্টার বিলির মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।