বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বিদেশ থেকে ফেরত আসা ১১৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।
সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৬ দিনে ১১৩ জন প্রবাসীকে কোয়ারেন্টানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তাদেরকে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া করোনার বিস্তার ঠেকাতে প্রচারপত্র, পোষ্টার, মাইকিংসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।
সিভিল সার্জন অফিস থেকে একটি ও ৯টি উপজেলায় একটি করে মোট ১০টি চিকিৎসা টিম গঠন করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ৬৩টি বেড স্থাপন করা হয়েছে। বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তিদের সন্ধান করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
তবে এখন পর্যন্ত জেলায় কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলেনি। উল্লেখ্য জেলায় এ পর্যন্ত ১৬৯৪ জন প্রবাসী গ্রামের বাড়ি ফিরে এসেছেন। তাদের মধ্যে অধিকাংশই কোয়ারেন্টিনে না থাকায় বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জেলায় বিদেশ থেকে ফেরত আসা ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করছেন। সেইসাথে করোনা ভাইরাস প্রতিরোধে পোষ্টার, লিফলেট বিতরণ শুরু করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনকে সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।