বাংলা হেডলাইনস: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। করোনা ভাইরাস পরিস্থিতিতে অনানুষ্ঠানিকভাবে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। সরকার করোনা ভাইরাস বিস্তাররোধে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল ঘোষণা করেছে।
আওয়ামী লীগসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ দিবসটি উদযাপনে কর্মসূচি বাতিল করেছে। এই প্রথম স্বাধীনতা দিবস অনানুষ্ঠানিক ভাবে পালন হচ্ছে।জাতীয় স্মৃতিসৌধে নেই সেই চিরচেনা মানুষের ভিড়। স্বাধীনতার এই ৪৯তম বার্ষিকী সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
১৯৭১ এর ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালীদের উপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।
১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তনি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা নিরীহ বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে।
তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।
সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোন মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মূহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়।