বাংলা হেডলাইনস টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও একজন মারা যায়।
শনিবার ভোর ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বগুড়ার দুপচাচিয়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আলেক মিয়া (৪৫), একই এলাকার আনছার আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (৩০), রংপুর জেলার সদর উপজেলার ঘটিবাড় গ্রামের বাদশাহ মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০), টাঙ্গাইল গোপালপুর উপজেলার জুলহাস (৫০)। বাকি ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, আজ ভোরে মুন্সিগন্জের মুক্তারপুর এলাকা থেকে ছেড়ে আসা প্রিমিয়াম সিমেন্ট বোঝাই উত্তরবঙ্গগামী একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায় । এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকটির ছাদে যাত্রী হিসেবে থাকা এক নারী ও চার পুরুষসহ মোট পাঁচ জন।
এই ঘটনায় আহত আরও ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান।
তিনি আরও জানান, হতাহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া পাঁচ জনকে মৃত ও ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।