বাংলা হেডলাইনস গাজীপুর : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গাজীপুরে সামাজিক দূরত্ব বজায় রাখা ও লোকজনকে ঘরে রাখার অংশ হিসেবে জনপ্রনিধি ও সরকারি নানা উদ্যোগের পাশাপাশি জেলার পুলিশ সদস্যগণ খাদ্য সামগ্রী পাঠাচ্ছেন অসহায়দের ঘরে ঘরে।
জেলা পুলিশ গাজীপুর সুপার শামসুন্নাহার নেতৃত্বে জেলার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণের পরিবারের একমাসের রেশন সামগ্রী চাল-ডাল-তেলসহ সবকিছুই বর্তমানে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও অসহায়দের ঘরে তুলে দিয়ে তাদের ঘরে রাখার চেস্টা করছেন।
আজ বুধবার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় পুলিশ সুপার শামসুন্নাহার ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে লোকজনকে ঘরে না বেড়োনোর অনুরোধ জানান। পাশাপাশি নিয়মিত হাত ধোরা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলেন। ঘরে থাকার নিয়ম না মানা হলে তিনি কঠোর হতে বাধ্য হবেন বলেও জানিয়ে দেন।
এসময় পুলিশ সুপার শামসুন্নাহার জানান, করোনা ভাইরাস থেকে রক্ষায় বুঝিয়ে সুঝিয়ে সবাইকে ঘরে রাখার আপ্রাণ চেস্টা করা হচ্ছে।
আর তারা যেন খাবারের প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়ে না আসে সে জন্যেই জেলার পুলিশ পরিবারের একমাসের রেশনসামগ্রী নিয়ে এই দু:সময়ে কর্মহীন মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
পুলিশ সদস্যরা স্বেচ্ছায় তাদের নিজেদের খাদ্য সামগ্রী পুলিশ লাইনে এনে দিয়ে যাচ্ছেন। আর তালিকা তৈরি করে সেখান থেকে জেলার সব ক’টি থানার বিভিন্ন গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে।
এছাড়া পুলিশের উদ্যোগে প্রতিদিনই মাইকিং করে, লিফলেট বিতরণ করে এবং নিজেরা হ্যান্ড মাইক নিয়ে সড়ক-মহাসড়কের মোড়ে মোড়ে, হাট-বাজার, গ্রাম-গঞ্জে গিয়ে লোকজনকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও আমিনুল ইসলাম, জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।