বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনায় আহত দু’জনের মধ্যে মনিরুজ্জামান নামে গুরুতর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত সিদ্দিক মাথাইলচাপড় পূর্বপাড়া গ্রামের ইউসুফ প্রামানিকের ছেলে। তিনি দেড় মাস আগে মালয়েশিয়া থেকে ফিরেছেন।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের পশ্চিমপাড়ার টিপু সুলতান, সজীব ও বাবুর সাথে আবু বক্কর সিদ্দিক, মনিরুজ্জামান ও বাদলের বিরোধ চলে আসছে।
গত ২-৩ দিন আরে ক্যারম খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ হয়। শুক্রবার শালিসে মিমাংসা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের ডাকে আবু বক্কর সিদ্দিক, মনিরুজ্জামান ও বাদল পশ্চিমপাড়ায় যান। সেখানে যাবার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এতে সিদ্দিক ও মনিরুজ্জামান গুরুতর ও বাদল সামান্য আহত হন।
সিদ্দিক ও মনিরুজ্জামানকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আজিজ মন্ডল জানান, ভর্তির কিছুক্ষণ পর আবু বক্কর সিদ্দিক মারা গেছেন।