বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ৩ জন মৃত্যুবরণ করেছে। এতে মোট মৃতের সংখ্যা ২০।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১৮।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন সংবাদ ব্রিফিঙে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪ জনের দেহে করোনা নিশ্চিত করা হয়েছে।
অধ্যাপক মীরজাদী করোনা শনাক্ত নতুন ৫৪ জনের বিস্তারিত বিশ্লেষণ করে বলেন, এদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং মহিলা ২১ জন। বয়সের হিসেবে ১১ থেকে ২০ বছরের ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন ।
তিনি এলাকাভিত্তিক বিশ্লেষণ করে বলেন যে ৫৪ জনের মধ্যে ঢাকা শহরেই রয়েছেন ৩৯ জন, ঢাকার উপজেলায় রয়েছেন ১ জন এবং বাকীরা সব ঢাকার বাইরে।