বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শিবগঞ্জে শব-ই-বরাতের হালুয়া তৈরি নিয়ে বিরোধে স্বামী মোকসেদ আলীর মারপিটে বরুল বিবি (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার কিচক ইউনিয়নের সালদা পশ্চিমপাড়া গ্রামের বাড়িতে হত্যাকান্ড সংঘটিত হয়। ঘটনার পর স্বামী, ছেলে ও ছেলের বউ বাড়ি থেকে পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শিবগঞ্জ উপজেলার সালদা পশ্চিমপাড়া গ্রামের কৃষক মোকসেদ আলী কয়েক বছর আগে বরুল বিবিকে দ্বিতীয় বিয়ে করেন।
বুধবার সন্ধ্যায় শব-ই-বরাতের হালুয়া তৈরি নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতন্ডা হয়। তখন মোকসেদ আলী স্ত্রী বরুল বিবিকে চড়-থাপ্পড় দেন। রাত ২টার দিকে এ নিয়ে তাদের মধ্যে আবারো বাকবিতন্ডা হলে বরুল বিবিকে মারপিট করা হয়।
অবস্থা বেগতিক দেখে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার চেষ্টা করেন। পথিমধ্যে তিনি মারা গেছেন বুঝতে পেরে লাশ বাড়িতে ফিরিয়ে এনে স্বামী মোকসেদ আলী ও অন্যরা পালিয়ে যান।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর পর্যন্ত মামলা হয়নি; হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।