বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সোনাতলায় ছাগলে লাউ গাছ খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মারপিটে পাঁচজন আহত হন। পুলিশ দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে।
আজ শনিবার সকালে উপজেলার চকনন্দন গ্রামে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গরুর বেপারী শফিকুল ইসলাম সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের চকনন্দন গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে। শনিবার সকালে শফিকুলের ছোট ভাই শরিফুল ইসলামের ছাগল প্রতিবেশি আবদুল খালেকের জমির লাউ গাছ খেয়ে ফেলে।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। এতে শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, শামীমা, বুলবুল, লাভলীসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পথিমধ্যে শফিকুল ইসলাম মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে শাকিল ও ফারুকসহ পাঁচজনকে আটক করে।
সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, ছাগলে লাউ গাছ খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মাথায় লাঠির আঘাতে একজন নিহত ও ২-৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে।