বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: কর্মহীন দুঃস্থদের খাদ্য সহায়তা ও অসুস্থ্ ব্যক্তিদের ওষুধসহ চিকিৎসা সেবা দিচ্ছেন মানিকগঞ্জের ডাক্তার লুৎফর রহমান। পাশাপাশি গ্রামবাসীকে সচেতন করছেন করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার উপায়।
ডাঃ লুৎফর রহমান বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত।
তার বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকোরা ইউনিয়নের সাহেব পাড়ায়। এই সংকট সময়ে নিজ গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি সোমবার চাল, ডাল, তেল, লবন নিয়ে চলে যান নিজ গ্রামে। খুঁজে খুঁজে অতিদরিদ্র ৪২ জনের হাতে তুলে দেন খাদ্যসামগ্রীর প্যাকেট।
এসময় তিনি গ্রামের মানুষের স্বাস্থ্যের খবর নেন এবং সাধারণ রোগের কিছু ওষুধও দেন। এছাড়া, গ্রামবাসীকে করোনাভাইরাস থেকে সুরক্ষার পরামর্শও দেন।
ডাঃ লুৎফর রহমান বলেন, এই দুর্যোগ সময়ে সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। কেবল সরকারের উপর ভরসা করে থাকলে হবেনা। সামাজিক দায়িত্ববোধ থেকেই তার এই উদ্যোগ বলে তিনি জানান।