বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির (সরকারি ওএমএস কার্যক্রমের) ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন।
সূত্রে জানা যায়, সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জোহার ভাতিজা ওএমএসের ডিলার আবু সাঈদ।
তিনি ওএমএসের ১৭০ বস্তা চাল বিক্রি না করে গোপনে তার শ্যালক আব্দুর রবের বাড়িতে মজুত করে রাখেন। গ্রামবাসীরা জানতে পেরে রাতে ওই বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ এসে ওই বাড়ি থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার করে।
স্থানীয়রা জানান, চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে ডিলার আবু সাঈদ দীর্ঘদিন থেকে এই ধরনের অপকর্ম করে আসছিলেন। তবে কেউ কোনো কথা বলতে সাহস পাননি।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ কে সাথে নিয়ে ওই ডিলারের শ্যালক আবদুর রবের বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ বস্তা সরকারি ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে।
অভিযানের খবর জানতে পেরে ডিলার ও তার শ্যালক স্বপরিবার পালিয়ে যায়। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল জেলার রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির নয় বস্তা ও ২ এপ্রিল কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়া থেকে ১৩৮ বস্তা এবং ৬ এপ্রিল বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রাম থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়।