বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বনের ভেতর ফেলে যাওয়া নারী মাজেদা বেগম (৫০) করোনায় আক্রান্ত ছিলেনে না। আইইডিসিআরের প্রাথমিক পরীক্ষায় ওই নারীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।
আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. মুক্তাদির ভুইয়া যার তত্ত্বাবধানে ওই নারী রয়েছেন মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মুক্তাদির বলেন, আইইডিসিআরের পরিচালক মোবাইল ফোনে ওই নারীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে তাঁকে জানিয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে দুই তিন দিনের মধ্যে ওই নারীর নমুনা আবার পরীক্ষা করা হবে। ডা. মুক্তাদির আরও বলেন ওই নারীর মধ্যে করোনাভাইরাসে গুরুত্বপূর্ণ কোন লক্ষণ নেই। তবে তিনি মানসিক ভারসাম্যহীন, কিছুটা মানসিক সমস্যা রয়েছে।
এর আগে গত সোমবার গভীর রাতে সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ঐ নারীকে পাওয়া যায়।
ইউএনও আসমাউল হুসনা লিজা সোমবার রাত দেড়টার দিকে পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। এরপর তার কাছ থেকে বিস্তারিত জানে।
তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী, সন্তান ও স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে ফেলে রেখে সকালে বাড়ি নিবে বলে আশ্বাস দিয়ে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানায় ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে।রাতেই তাকে এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।