বাংলা হেডলাইনস বগুড়া: পূর্ব বগুড়ার ত্রাস, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যাসহ আট মামলার আসামি জুয়েল দাস ওরফে হাড়ি জুয়েল (৪৫) গ্রেফতার হয়েছে।
সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে কাহালু উপজেলার কাজীপাড়া থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে শহরের সাবগ্রামের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ দাবি করেছে, তার গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা ও স্থানীয়রা জানান, হাড়ি জুয়েল বগুড়া শহরের সাবগ্রাম এলাকার মনোরঞ্জন ওরফে কালিপদ দাসের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে। সে পেশাদার খুনি হিসেবে পরিচিত। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ ।
সে দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিল। কিছুদিন আগে দেশে ফিরে কাহালু উপজেলার কাজীপাড়ায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে। গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র থাকার কথা স্বীকার করে। রাতেই শহরের সাবগ্রামে তার বাড়ি তল্লাশি করে আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, শুক্রবার হাড়ি জুয়েলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।