বাংলা হেডলাইনস: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে বিএনপি অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করছে।
তিনি বলেন, ‘ডাঃ মঈনের মৃত্যু নিয়ে মির্জা ফখরুল সাহেব অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। করোনা এমন একটি ভাইরাস যা সংক্রমণ থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। দেশে দেশে বহু চিকিৎসক প্রাণ হারিয়েছেন। কাজেই এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করা মোটেও সমীচীন নয়।’
সেতুমন্ত্রী আজ দুপুরে তার সরকারি বাসভবনে দেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
করোনায় আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনায় মৃত্যু বরণকারী ডাক্তার মঈনের মৃত্যুতে আমরা মর্মাহত। তবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি মহাসচিব তার মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন।’
তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলামকে সবিনয় জিজ্ঞেস করতে চাই যে,সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত। এখানে ধনী-দরিদ্র, চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবী কেউই রেহাই পাচ্ছেন না। করোনা কাউকে রেহাই দিচ্ছে না।’ ওবায়দুল কাদের বলেন, আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোন অবস্থাতেই কাম্য নয়।