বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিশেষ একটি জানাযায়’ হাজার হাজার লোকের জামায়েত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে প্রশাসন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
‘গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ একটি জানাযায় লক্ষ্য করলাম সেখানে হাজার হাজার লোক শরীক হয়েছে। এই সময় এই ধরণের জমায়েত খুবই ক্ষতিকর হয়েছে। আশংকা করি অনেক লোক আক্রান্ত হয়তো বা হয়েছে। এই ধরণের দায়িত্বহীন কাজ হওয়া উচিৎ হয়না। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এই ধরণের মনোভাব পোষণ করি’, আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলটিনে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য করেন।
জাহিদ মালেক বলেন যেভাবে আমরা আশা করছি সেভাবে লকডাউন হচ্ছে না। লকডাউন এলাকা হতে মানুষ ভাল এলাকায় যাচ্ছে। তাতে কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে। আমরা যদি স্বাস্থ্য নির্দেশাবলী না মেনে চলি আমাদেরও ফলাফল ভাল হবে না। তাই অনুরোধ করবো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন।
তিনি বলেন মূলত ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে লোক গিয়ে সারাদেশে ছড়িয়ে দিয়েছে করোনা ভাইরাস। এখনও তারা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে লুকিয়ে তারা এই কাজটি করেছে। এই বিষয়ে প্রশাসনের বিশেষ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা ভাইরাস বিস্তারলাভ করেছে অনেকগুলো এলাকা থেকে। তার মধ্যে বেশি মিরপুর, বাসাবো, নারায়ণগঞ্জ, গাজীপুর , ময়মনসিংহ এবং কেরানীগঞ্জ।
তিনি বলেন মুগদা ৫০০ বেডের হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাপাতালকে আমরা করোনা রোগী চিকিৎসার জন্য প্রস্তুত করছি।