বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বাংলা হেডলাইনসকে এই তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
এ নিয়ে টাঙ্গাইলে ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো । তাদের মধ্যে মঙ্গলবার দুপুর ২ টায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘাটাইলের মহিউদ্দিন মারা যান।
সিভিল সার্জন জানান, মঙ্গলবার টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআর এ পরীক্ষার জন্য পাঠানো হয়।
তাদের মধ্যে সখীপুরের ওই ব্যক্তিকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। তিনি ১৯ দিন আগে গ্রামের বাড়িতে আসেন। চার পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। সোমবার তার নমুনা সংগ্রহ করা হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত টাঙ্গাইলে ৮৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।
করোনা আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলায় ৪ জন, ভূঞাপুরে ৫ জন, মধুপুরে ১ জন, মির্জাপুরে ১ জন, সখীপুরে ১ জন ও ঘাটাইলে ১ জন।