বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে টিসিবির ১৮০ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-নাটুয়ারপাড়া চরের নুরুল ইসলাম (৫০) (নুরু মহাজন), একই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫৫) এবং নিশ্চিন্তপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে আবু হানিফ (৩০)।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, নাটুয়াপাড়া বাজারের কয়েকটি মুদি দোকানে টিসিবির সয়াবিন তেল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে বুধবার বিকালে অভিযান চালায় পুলিশ।
দুটি দোকান থেকে পাঁচ লিটারের ২৬টি ও দুই লিটারের ২৫টি বোতলসহ মোট ১৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। টিসিবির সিল দেওয়া এসব তেল নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিক্রির জন্য নির্ধারিত।
পরিদর্শক গৌতম বলেন, আটক দোকানিরা দাবি করেছেন এই তেল তারা জামালপুরের সরিষাবাড়ি বাজার থেকে কিনেছেন। তবে তারা তেলের ডিলারের নাম বলতে পারেননি। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে চলমান মহামারী করোনা প্রভাবে বাজার মূল্য স্থিতিশীল রাখতে টিসিবির পণ্য স্বল্প মূল্যে বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণকে সঠিক সেবা প্রদানের লক্ষ্যে দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।