বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের ৪ জনসহ গোপালপুরে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলো ।
টাঙ্গাইলে করোনা রোগীর সংস্পর্শে আসা একই পরিবারের আরও চারজন আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন বলেন আক্রান্তরা হলেন স্বামী, স্ত্রী , তাদের দুই ছেলে এবং এক মেয়ে। তারা জেলার সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। অপরদিকে গোপালপুরে পোশাক শ্রমিক এক যুবতী করোনায় আক্রান্ত হয়েছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন ঢাকা ফেরত কাঁচামাল ব্যবসায়ী উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা রিপন গত ২১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তার সংস্পর্শে আসা আরও ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে রিপনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের করোনা পজিটিভ এসেছে।
এর আগে রিপনের করোনা পজিটিভ আসার পর তার বাড়িসহ আশেপাশের ৩২টি বাড়ি লকডাউন করা হয়েছিল। তার সবাই সুস্থ আছেন। এজন্য তাদের ওই বাড়িতে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে বুধবার ১১৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। এদের মধ্যে জেলার সখীপুরে চারজন ও গোপালপুরে একজনের করোনা পজিটিভ এসেছে। আইইডিসিআর থেকে রাতে ফোনে বিষয়টি জানানো হয়।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন ‘পোশাক শ্রমিক এক যুবতী কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। এরপর তার জ্বর, সর্দি দেখা দেয়। নমুনা সগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হলে তার নমুনায় করোনা পজিটিভ আসে’।
এ নিয়ে জেলায় মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।