বাংলা হেডলাইনস টাঙ্গাইল: আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় তিন টন হিসাব বহির্ভূত অবিক্রিত চাল ও বিপুল পরিমাণ টিসিবি’র পণ্যসহ র্যাবের হাতে আটক ডিলার আবুল বাসারকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটকৃত ডিলার আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ও র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে উপজেলার পাকুল্যা বাজারে ডিলারে গুদামের পেছনে অপর একটি গুদাম থেকে মালামালসহ তাকে আটক করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যুবায়ের হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন মির্জাপুর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও টাঙ্গাইল সদরের টিসিবির ডিলার আবুল বাসার খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল ও টিসিবির পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি না করেও বিক্রি দেখিয়ে গোদামে স্টক করে রেখেছে।
পরে সন্ধায় অভিযান চালিয়ে পাকুল্যা বাজারে তার গোদামের পেছনে অপর একটি গোদাম থেকে ২ হাজার ৬৩০ কেজি অবিক্রিত চাল ও টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
এ অপরাধে তাৎক্ষণিক তাকে এক লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
এছাড়া মির্জাপুর থানার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলার দায়ের করেছে বলে জানা গেছে।