বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় রশি টানিয়ে তারা এ অবরোধ করে।
এ অবরোধের কারণে ছোট ছোট কোনো পরিবহন চলাচল করতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ। এতে তারা বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকার ফলে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা প্রতিদিন যাত্রী বোঝাই করে চলাচল করছে।
বাস চালক কবির মিয়া জানান, সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি তিনি। তবে স্থানীয় সংসদ সদস্য একটি প্যাকেটে দিয়েছিলেন। যার মধ্যে চাল, ডাল ও আলু ছিল। তাও শেষ হয়ে গেছে দুদিনেই। দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে বলে জানান তিনি।
বাস শ্রমিক আব্দুল্লা মিয়া জানান, সব যানবাহন চলছে। শুধু মাত্র বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে পরিবার পরিজন নিয়ে আমাদের না খেয়ে মরতে বসেছি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, পুলিশ যাওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। তাদেরকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।