বাংলা হেডলাইনস: করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের জন্য খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি প্রবাসী শ্রমিকরা যেন পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের চাকুরিতে পুনর্বহাল হতে পারে সে জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
মন্ত্রী আজ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ১১ রাষ্ট্রদূত ও মিশন প্রধানের সাথে ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেন।
সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানগণ এ কনফারেন্সে অংশগ্রহণ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসে, তবে ন্যায্য বেতন ও ভাতা পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ।
এ সময় তিনি বলেন, প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হবে, তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।