বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: রাজধানী ঢাকাসহ আশেপাশের শিল্প কলকারখানা ও গার্মেন্টস এ কাজে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার বহু কর্মমুখী শ্রমিক।
গত দুইদিন ধরে পাটুরিয়া ও আরিচা ঘাট হয়ে ভেঙ্গে ভেঙ্গে ঢাকায় ফিরছে কর্মজীবীরা। সুরক্ষাসামগ্রী ছাড়া মরণের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, রিক্সা, ভ্যান ও পায়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে তারা। ফলে ঢাকা আরিচা মহা সড়কে দেখা দিয়েছে কর্মজীবী বহু মানুষের ঢল। এদিকে সরকারি নির্দেশে গণপরিবহণ বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে নিষিদ্ধ যানবাহনে যোগে যাতায়াত করতে দেখা গেছে তাদের।
ঢাকা ফেরত কর্মজীবীরা বলছেন, মালিকপক্ষ ও বিজিএমইএ মধ্যে সমন্বয়হীনতার কারনে কর্মজীবীদের নানা ধরণের হয়রানি শিকার হতে হচ্ছে। এছাড়া ঢাকায় ভাড়া বাসার বাড়িওয়ালারা চাপ দিচ্ছে বাসা ভাড়া দেওয়ার জন্য। বাধ্য হয়েই তাদের ঢাকায় আসতে হচ্ছে।
এদিকে মানিকগঞ্জের স্থানীয় প্রশাসন বলছে, অন্য জেলা থেকে আসা এত মানুষকে আটকানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাছাড়া কর্মজীবী যানবাহন শ্র্রমিকদেরও এখন আটকানো সম্ভব হয়ে উঠছে না। এরপরও বাসষ্ট্যান্ড এলাকা ছাড়ার জন্য পোশাক শ্রমিক ও যানবাহন শ্রমিকদের হুশিয়ারি করা হচ্ছে।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, উৎসমুল থেকে মানুষদের আটকানো গেলে এভাবে মানুষ আসতো না। মাঝপথে আমরা এদের আটকিয়ে দিলে এই জেলা আরো সংকটাপন্ন হয়ে পড়বে। তবে রাস্তায় যেন কোথাও জড়ো হয়ে মানুষ না থাকে তার জন্য পুলিশী টহল অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।