বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শিশুসহ আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৫২ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্য সমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় ৩, ৮১২ টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি ৫,৯১৩ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০, ৪০১ টি । নমুনা পরীক্ষার হার গতকালের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
অতিরিক্ত মহাপরিচালক জানান বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে হটলাইনের মাধ্যমে করোনা আক্রান্তদের সেবা দিচ্ছেন ৪০০২ জন চিকিৎসক। প্রশিক্ষনপ্রাপ্ত হটলাইনে সেবা দেওয়ার জন্য আছে মোট ১৫,৪৮০ জন।
ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩৩ জন। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়ি থেকে টেলিফোনের মাধ্যমে সেবা নিচ্ছেন এবং তারা সুস্থ হয়ে যাচ্ছেন। বাড়ি থেকে যারা সুস্থ হয়েছেন তাদের বিষয়ে তথ্য জানানো হবে।
যে ৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং একজন মহিলা। ৫ জন ঢাকার ভিতরে, একজন সিলেটে ও একজন রাজশাহীতে। ৫ জনের বয়স ষাটোর্ধ্ব , একজনের বয়স ৪০ থেকে ৫১ বছররে মধ্যে এবং একজন শিশু যার বয়স ১০ বছরের নিচে।