বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী মেহেদী হাসান পুলুর বাড়ি থেকে কৃষি প্রনোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দলগাছা গ্রামের বাড়ি থেকে এসব উদ্ধার করেন। আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মজুতদার সার-বীজ ব্যবসায়ী পালিয়ে যান।
মঙ্গলবার সকালে এ খবর পাঠানোর সময় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছিলো।
আদালত সুত্র ও স্থানীয়রা জানায়, মেহেদী হাসান পুলু নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের বাসিন্দা। তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত ১০টার দিকে তার বাড়িতে অভিযান চালান। টের পেয়ে সার ও বীজের ব্যবসায়ী পুলু পালিয়ে যান।
পরে তার বাড়ির একটি ঘর থেকে সরকারি বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, পাঁচ কেজি ওজনের পাঁচ বস্তা ব্রী ৪৮ জাতের ধান বীজ, ২২ বস্তা এমওপি সার ও ৪৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ও সার-বীজ ব্যবসায়ী মেহেদী হাসান পুলু সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কৃষকের কাছ থেকে এসব কিনেছেন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার জানান, উদ্ধার করা সার ও বীজ সরকারের কৃষি বিভাগের বলে ধারনা করা হচ্ছে। এসব ওই ব্যবসায়ীর বাড়িতে কিভাবে আসলো তা তদন্ত করা হবে।