বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে সালমা বেগম (২৭) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ উপজেলার আশেকপুর পশ্চিমপাড়ায় বাপের বাড়ির কাছে ধানক্ষেত থেকে তার গলায় ওড়নার ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে।
পরিবারের সদস্যরা দাবি করছেন, সম্প্রতি তালাক দেয়া স্বামী তাকে হত্যা করেছে। পুলিশ বলছে, এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই গৃহবধুকে কীভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে।
শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার রায় ও স্বজনরা জানান, দুই সন্তানের মা সালমা বেগম উপজেলার আশেকপুর পশ্চিমপাড়ার শাহেদ আলীর মেয়ে। গাবতলী উপজেলার তরনীহাট কলেজপাড়ার মো. সোহেলের সাথে তার বিয়ে হয়েছিল।
বিয়ের পর সালমা স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন। দাম্পত্য কলহে প্রায় দু’মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সোমবার রাতে খাওয়া শেষে সকলে ঘুমিয়ে পড়েন।
মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে একটি ধানক্ষেতে গলায় ওড়নার ফাঁস দেয়া সালমার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন, সাবেক স্বামী সোহেল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।
এসআই সুশান্ত কুমার রায় আরো জানান, এটা নিশ্চিত হত্যাকান্ড। তবে পরিবারের দাবি তদন্ত করে দেখা হচ্ছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।