বাংলা হেডলাইনস: নাগরিকদের করোনার ঝুঁকি নির্ণয়ের জন্য ভাইবার বটে লাইভ করোনা টেস্ট চালু করেছে সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে
https://vb.me/ict_bot_bangladesh2020_pr শীর্ষক ঠিকানার এ বটটির উদ্বোধন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ এবং এমসিসি’র সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সফটওয়্যারভিত্তিক ভাইবার বটের সাহায্যে যে কেউ তাঁর করোনা ঝুঁকির মাত্রা ও করণীয় সম্পর্কে জানতে পারবেন।
বটটি ব্যবহার করতে গেলে ব্যবহারকারীর অবশ্যই ভাইবার অ্যাপ ও ভাইবারে অ্যাকাউন্ট থাকতে হবে।
উল্লেখ্য, এ বট থেকে প্রাপ্ত ফলাফলকে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না। যে কোনো জরুরি পরিস্থিতিতে অবশ্যই ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে হবে।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার করে করোনার বিষয়ে প্রায় ৪০ লাখ মানুষের ডেটা সংগ্রহ করা হয়েছে। এগুলো বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম, ভাইবারের সিনিয়র ডিরেক্টর অনুভব নাইয়ার, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, এমসিসি লিঃ এর প্রধান নির্বাহী আশরাফ আবির এতে বক্তৃতা করেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।