বাংলা হেডলাইনস: মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের বিশেষ বিমানযোগে স্বদেশে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকবৃন্দের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটদ্বয়ের সাথে সমন্বয়পূর্বক কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনের উদ্যোগ গ্রহণ করেছে।
এই ফ্লাইটটি আগামী ১৪ অথবা ১৫ মে, ২০২০ তারিখে যুক্তরাষ্ট্র হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সম্ভাবনা রয়েছে, এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, ডিসি এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে এসে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকবৃন্দের অবস্থান সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক তাঁদের নিজ নিজ খরচে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় অত্র দূতাবাস ও কনস্যুলেটদ্বয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের নিকট আবেদন করেন।
ন্যূনতম সংখ্যক যাত্রী কর্তৃক টিকিট ক্রয় স্বাপেক্ষে ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ওঅউ) অথবা নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট হতে আগামী ১৪ অথবা ১৫ মে, ২০২০ তারিখে এই বিশেষ ফ্লাইট পরিচালনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলদ্বয় সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস (সুলভ শ্রেণী) টিকিটের মূল্য আনুমানিক ২,২০০.০০ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক Oryx Aviation Ltd. নামক একটি বাংলাদেশী প্রতিষ্ঠান এই চার্টার ফ্লাইটে ভ্রমণেচ্ছুক আটকে পড়া যাত্রীদের রেজিস্ট্রেশন ও টিকিট ইস্যুকরণ সংক্রান্ত বিষয়ে কাতার এয়ারওয়েজের সাথে সমন্বয় সাধন করছে।
উক্ত বিশেষ ফ্লাইটে নিজ খরচে স্বদেশ প্রত্যাবর্তনেচ্ছু বাংলাদেশী নাগরিকবৃন্দ আগামী ০৮ মে ২০২০ তারিখের মধ্যে ঢাকাস্থ মধ্যে Oryx Aviation Ltd সাথে অনলাইন পোর্টাল http://galaxyaviationbd.com/airticket/, যোগাযোগ করতে বলা হয়েছে।