বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে মা ও নানির সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তেওতা এলাকার তেওতা বাছেট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফহিম পার্শ্ববর্তী শিবালয় ইউনিয়নের ছোট বোয়ালী এলাকার ইয়াকুব আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত ফাহিম কয়েক দিন আগে মায়ের সাথে তেওতা এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে। দুপুরে ফাহিম তার মা ও নানির সঙ্গে পার্শ্ববর্তী যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে হঠাৎ ছেলেকে না পেয়ে সবাই তাকে খুঁজতে থাকে।
১৫ থেকে ২০ মিনিট পরে পানির নিচে মায়ের পায়ের সাথে লেগে ভেসে উঠে ফাহিমের লাশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিকভাবে শিশুটি লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।