বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে প্রতিপক্ষের হামলায় আমান উল্লাহ বাচ্চু নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে পরে স্থানান্তরিত করা হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় ব্যবসায়ী মেয়ে তানিয়া আক্তার বেবী বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহতের স্বজনদের অভিযোগ, জমির বিরোধের জের ধরে ও প্রতিপক্ষের বিরুদ্ধে আগে একটি মামলা দায়ের করলে স্থানীয় বিএনপি নেতা আক্তার মাস্টার, মোক্তার হোসেন ও সোহেলসহ অজ্ঞাত ১৫-২০ জন লোক পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গত শনিবার রাতে ভিকটিম আমান উল্লাহ বাচ্চুর বাড়ির পাশের স মিলে হামলা চালায়।
এসময় তারা আমান উল্লাহ বাচ্চুকে কোপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে গুরুতর আহত করে এবং নগদ টাকা পয়সা হাতিয়ে নেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আমান উল্লাহ বাচ্চুকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, হামলাকারীরা এলাকার প্রভাবশালী এবং হত্যা মামলারও আসামী। আমানউল্লাহ বাচ্চুকে আহত করার পাশাপাশি হামলাকারীরা এখন তার পরিবারের সদস্যদেও হুমকি দিচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।