বাংলা হেডলাইনস: করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সারাদেশে ৫০ লাখ মানুষকে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রতি নগদ ২,৫০০ টাকা প্রদানের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশার কর্মহীন মানুষের কাছে এই নগদ টাকা প্রদানের কর্মসূচি উদ্বোধন করেন।
দিনমজুর, কুলি, খেটে খাওয় মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, ভাসমান শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, রেস্টুরেন্ট শ্রমিক, চা বিক্রেতা, এবং নিম্ন আয়ের মানুষ যারা দৈনন্দিন কাজ করে খেত করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়েছেন তদেরকে এককালীন এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনেক হিসেব নিকেশ করে কিছু অর্থ সাশ্রয় করার চেষ্টা করি এবং ইতিমধ্যে আমরা ব্যবস্থা করেছি ৫০ লক্ষ মানুষকে সাহায্য দেব। প্রায় এক হাজার ২০০ কোটি টাকা। জনপ্রতি ২৫০০ টাকা এককালীন কিছু সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন সরকারি বিভিন্ন ভাতা ও সহযোগিতার যারা পাচ্ছেন তারা বাদে যারা কিছুই পাচ্ছেন না তাদের জন্য এই এককালীন নগদ সহায়তা।
তিনি বলেন এখন যেহেতু সবকিছু অচলাবস্থা যারা শ্রম দিয়ে জীবনযাপন করতো তাদের জীবন স্থবির হয়ে যায় এবং আয়ের কোন পথ থাকে না। বিশেষ করে ভাসমান শ্রমিক, দিন মজুর, কুলি, রেস্টুরেন্ট শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, পরিবহণ শ্রমিক, ফেরিওয়ালা, রেস্টুরেন্ট শ্রমিক এবং নিম্নবিত্ত আয়ের মানুষ।
শেখ হাসিনা বলেন তাদের জন্য কিছু করা আমাদের একটা লক্ষা ছিল। সেই লক্ষ্য সামনে রেখেই এই ব্যবস্থা। বিভিন্নভাবে অর্থ যোগাড় করি কিভাবে রমযান মাসে একটু সাহায্য করতে পারি।
মুজিববর্ষ উদযাপনে অনেক পরিকল্পনা ছিল এবং কিছু টাকাও ছিল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম। জনগণের কথা চিন্তা করে সব বন্ধ করে দেই।
যারা সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিভিন্ন ভাতা ও সহযোগিতা পাচ্ছেন যেমন ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, নতুন ৫০ লাখ মানুষ যারা ১০ টাকা কেজি দরে চাল কিনছেন এগুলো চলবে এবং তাদেরকে বাদ দিয়ে এই নগদ ২৫০০ হাজার টাকার সহায়তার তালিকা তৈরি করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোবাইল অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এই কর্মসুচির মাধ্যমে ২ লাখ ৯ হাজার ৬৭৪ জন ছাত্রছাত্রীর মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১১১ কোটি ৪০ লক্ষ ৪৩ হাজার ৮০০ টাকা অনলাইনে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফেরেন্সের মাধ্যমে যারা আজকে নগদ ২৫০০ সহায়তা পেয়েছেন এবং উপবৃত্তি ও টিউশন ফি পাওয়া কয়েকজন ছাত্র-ছাত্রির সাথে কথা বলেন।