বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জউপজেলার ষোল মাইল এলাকা থেকে শুক্রবার বিকেলে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সাকারীয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শেখ ফরিদ (৩৬), ভূয়াপুর উপজেলার বাহাদীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে নায়েব আলী(৩৪) ও কালিহাতী উপজেলার তারাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে বাবুল মিয়া (৩৫)।
শুক্রবার বিকেলে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোল মাইল এলাকায় মা ফুড গার্ডেন হোটেল এর সামনে অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এরপর বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে টাঙ্গাইলগামী একটি খালি ট্রাকে তাল্লাশি চালিয়ে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ০৪ টি মোবাইল, ০৪ টি সীম, নগদ ২৫ হাজার টাকা উদ্ধারসহ ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।