বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রাম থেকে ১০ টাকা কেজির ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল উদ্ধার করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে সরকারি এই চালসহ ৬টি ভ্যান ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা-জামতৈল আঞ্চলিক সড়কের জামতৈলের দিকে যাচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত সড়কে নান্দিনা মোড় এলাকায় গেলে ওই চালভর্তি ৬টি ভ্যানের চালক পালিয়ে যায়। এ সময় ভ্যানভর্তি ৬১ বস্তার ৩ হাজার ৫০ কেজি চাল উদ্ধার করা হয়।
এ বিষয়েউপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমকে অবহিত করা হলে তিনি রাতেই ঘটনাস্থলে যান এবং পুলিশের উদ্ধারকৃত চাল জব্দ করেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী বাদী হয়ে সোমবার দুপুরে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান বলেন, কামারখন্দে সরকারি চাল উদ্ধার ঘটনায় ওই উপজেলার খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ২ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।