বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় ঢাকা অভিমূখী পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিদেশি পেয়াঁজের বস্তার ভিতর থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো- ব্রাম্মণবাড়িয়ার কসবা উপজেলার আস্তিনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে চালক উজ্জল (২৩) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের জামালের ছেলে জুয়েল (২৮)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উল্লেখিত এলাকায় একদল পুলিশ অবস্থান নেয়।
এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানটি থামানো হয় এবং এ পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ বস্তা বিদেশি পেয়াঁজের ভিতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও পেয়াঁজ উদ্ধারসহ ওই ২ জনকে গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে এ বিশেষ কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।