বাংলা হেডলাইনস: আগামী সোমবার বাংলাদেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। দেশের কোথাও আজ শনিবার ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে আগামীকাল ২৪ মে রবিবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৫ মে সোমবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২৫ মে সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সব জেলা প্রশাসন ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি। আগামীকাল ২৪ মে ৩০তম রোজা হবে। তাই ঈদ হবে সোমবার।’

এর আগে সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা মাসউদ ও অন্য সদস্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।